আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে আলোচনায় বসবে বিআরটিএ

Front line Bangladesh 23 Aug, 2026 • 03:41 PM
ছবির ক্যাপশন: স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে আলোচনায় বসবে বিআরটিএ

স্লিপার বাস চলাচল নিয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। তবে স্লিপার বাস চলাচলের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন পরিপালনে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে স্লিপার বাস মালিক সমিতির দেওয়া স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান।

মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, ‘স্মারকলিপি আমরা পেয়েছি। আইনের বিষয়ে কোনো দ্বিমত নেই। আইন পরিপালনে আমরা বদ্ধপরিকর। দেশের রাষ্ট্রীয় আইন সবার জন্য সমান। আমি বিশ্বাস করি, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন। বিষয়টি নিয়ে আমরা আলাপ করব।’

স্লিপার বাস বন্ধ না করে সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার বিষয়ে মালিকদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘স্লিপার বাস বা যেকোনোভাবে সংস্কারের বিষয়ে আমরা তাদের সঙ্গে বসব। তাদের বক্তব্য শুনব। এরপর আইন অনুযায়ী আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমরা ব্যবস্থা নেব। তবে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।’

বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে তাদের বক্তব্য দিতে পারেন। সংশ্লিষ্টদের সঙ্গে বসে তাদের বক্তব্য শোনা হবে। তবে আইন মেনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘আইনের বিষয়টি আমরা পুরোপুরি অনুসরণ করব, তারাও নিশ্চয়ই অনুসরণ করবেন। এ বিষয়ে দ্বিমত থাকার কোনো সুযোগ নেই।’

এর আগে স্লিপার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি।

স্মারকলিপিতে মালিকরা স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের দাবি জানান।

সমিতির পক্ষ থেকে বলা হয়, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। তাই স্লিপার বাসের জন্য কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করে সেগুলো চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ
স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে আলোচনায় বসবে বিআরটিএ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Aug, 2026 • 03:41 PM
বিজ্ঞাপন (Compact)