আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:21
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী

Front line Bangladesh 27 Oct, 2026 • 07:19 PM
ছবির ক্যাপশন: তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী

যুবসমাজকে শুধু চাকরির সন্ধানে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনীয় দক্ষতা ও আধুনিক উপকরণ সরবরাহের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুবসমাজকে জাগিয়ে তোলা, তাদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ ঘটানো এবং সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে তরুণদের নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা তৈরি করতে চায় সরকার। এ ধরনের জব ফেয়ার তরুণদের নতুন উদ্দীপনা জোগানোর পাশাপাশি আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়ার পথ দেখাবে।

তরুণ প্রজন্মকে দেশের সফল উদ্যোক্তা ও সমাজসেবীদের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর মতো সফল উদ্যোক্তা ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

দিনাজপুর জেলা সদর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরবর্তী এবং আশপাশের কয়েকটি জেলা থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই অঞ্চলের উন্নয়নে তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

দিনব্যাপী এ জব ফেয়ারকে ঘিরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ হাজার নিবন্ধিত প্রার্থীসহ ৪০ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী এতে অংশ নেন। এ সময় তাৎক্ষণিকভাবে শতাধিক চাকরিপ্রার্থী নিয়োগ পান।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়া লক্ষাধিক জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই-বাছাই শেষে শিগগিরই আনুষ্ঠানিক নিয়োগপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকারী কর্মকর্তা, চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Oct, 2026 • 07:19 PM
বিজ্ঞাপন (Compact)