রাজধানীর মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো অফিসের কাছাকাছি ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন।