মোঃ শাহজাহান বাশার: পরিবেশবান্ধব প্রজন্ম গড়তে কাজ করছে তরুণ স্বেচ্ছাসেবীরা কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইভ আর্থ সোসাইটি’। সোমবার (১৭ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
সেইভ আর্থ সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি কুমিল্লায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার্তদের পুনর্বাসন, টিউবওয়েল স্থাপন, খাদ্য সহায়তা এবং শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বছর জুলাই স্মৃতিচারণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সংগঠনটি। জুলাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন ও মানবিক প্রজন্ম হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের দুই প্রজন্ম, জেন-জি ও জেন-আলফাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এমনকি চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও এখন নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন। শিশুদের মধ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষার গুরুত্ব উপলব্ধি করাতে পারলে ভবিষ্যতের জন্য কুমিল্লাকে বাসযোগ্য রাখা সম্ভব হবে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় সেইভ আর্থ সোসাইটির তরুণ স্বেচ্ছাসেবীরা যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম নতুন প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেইভ আর্থ সোসাইটির সংগঠক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুল হাসান নুহাশ বলেন, শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি কর্মসূচিতে সহযোগিতা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সেইভ আর্থ সোসাইটির স্বেচ্ছাসেবকসহ স্থানীয়রা অংশ নেন।