রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও খুলনার একজন করে রয়েছেন। নিহত তিনজনই পুরুষ।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৩ জন নারী এবং ৩১ জন পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৭৫৩ জনসহ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।