আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ

Front line Bangladesh 10 Sep, 2026 • 01:50 PM
ছবির ক্যাপশন: জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় দায়ের হওয়া তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, কলিমুল্লাহর কোনো রাজনৈতিক পদ নেই। তিনি একজন শিক্ষক ও অধ্যাপক। আওয়ামী লীগ সরকারের সময়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করাই তার একমাত্র প্রশাসনিক পরিচয় ছিল।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি দাবি করেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং হত্যা মামলার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।

আদালতের অনুমতি নিয়ে কলিমুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ছাত্রজীবন থেকে শিক্ষকতা জীবন পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। উপাচার্য থাকাকালে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কারণে তাকে কারাগারে যেতে হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং সাঈদ হত্যার প্রতিবাদে তিনি কথা বলেছেন। তিনি নিজেকে শুধু একজন শিক্ষক হিসেবে পরিচয় দেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে, গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে ডিবি পুলিশ কলিমুল্লাহকে গ্রেপ্তার করে। ওইদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। পরে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। অন্য কোনো মামলায় আটক না থাকায় তার কারামুক্তির প্রক্রিয়া চলছিল।

তবে গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে তার মুক্তি আটকে যায়। পরে সম্প্রতি ওই মামলাতেও তিনি জামিন পান।

এর মধ্যে গত ৭ সেপ্টেম্বর কাফরুল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার ও নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। ওইদিন রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ হয়ে তরিকুল ইসলাম রুবেল নিহত হন। পরে এ ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ট্যাগ
জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Sep, 2026 • 01:50 PM
বিজ্ঞাপন (Compact)