আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:41
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল ইনকিলাব মঞ্চ

Front line Bangladesh 12 Sep, 2026 • 02:51 PM
ছবির ক্যাপশন: জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল ইনকিলাব মঞ্চ

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও দেশটির প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করেছে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে জিন্নাহর একটি সাদাকালো ছবি প্রকাশ করে তাকে স্মরণ করা হয়। দিনটি ছিল জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী।

পোস্টে জিন্নাহকে ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রভাবশালী নেতা’, ‘দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা’ এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে উল্লেখ করা হয়।

পোস্টের সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়, ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।’

পোস্টের ছবিতে জিন্নাহর জন্ম ও মৃত্যুর তারিখ হিসেবে ২৫ ডিসেম্বর ১৮৭৬ এবং ১১ সেপ্টেম্বর ১৯৪৮ উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, মুহাম্মদ আলী জিন্নাহ ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি দেশটির প্রথম গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মারা যান।

তবে বাংলাদেশের ইতিহাসে জিন্নাহর ভাষানীতি নিয়ে অবস্থান একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায়। ১৯৪৮ সালের মার্চে ঢাকায় সফরকালে জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন। ঢাকার রেসকোর্স ময়দান ও কার্জন হলে দেওয়া বক্তব্যে তার ভাষানীতির এই অবস্থানের প্রতিবাদ করেন তৎকালীন পূর্ব বাংলার ছাত্রসমাজ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক মহল। পরবর্তী সময়ে ভাষার অধিকার নিয়ে আন্দোলন আরও বিস্তৃত হয়ে ১৯৫২ সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে রূপ নেয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ধরনের ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় পোস্ট দেওয়া হয়েছে। এর কয়েক দিন আগেও বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখকে স্মরণ করে একটি পোস্ট প্রকাশ করেছিল সংগঠনটি। সেখানে তাকে ‘অশেষ দোয়া ও ভালোবাসায়’ স্মরণ করা হয়।

জিন্নাহকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির ইতিহাস ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ট্যাগ
জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল ইনকিলাব মঞ্চ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Sep, 2026 • 02:51 PM
বিজ্ঞাপন (Compact)