ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে এ রায় দেন।
আদালতের রায়ে তিন অর্থবছরের কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের পথ খুলেছে এনবিআরের।
জানা গেছে, কর পরিশোধের বিষয়ে এনবিআরের দাবির বিরুদ্ধে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।
মামলাটি ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের আয়কর দাবি নিয়ে। পরবর্তী সময়ে মামলাটির বিভিন্ন পর্যায়ে আদালতের বেঞ্চ পরিবর্তন ও রায় প্রত্যাহারের ঘটনা ঘটে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।
নতুন বেঞ্চে পুনর্মূল্যায়নের পর বৃহস্পতিবার গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে দেওয়া হলো।
ফলে আদালতের এ রায়ের পর এনবিআরের দাবি অনুযায়ী আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের আইনগত সুযোগ তৈরি হয়েছে।