আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:40
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

কায়কাউস-নাসিমসহ প্রভাবশালীদের বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ

Front line Bangladesh 07 Sep, 2026 • 05:20 PM
ছবির ক্যাপশন: কায়কাউস-নাসিমসহ প্রভাবশালীদের বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ

সাবেক সরকারি কর্মকর্তা, মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে চলমান তদন্তের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহমেদ কায়কাউসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করেছে কমিশন।

অন্যদিকে আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ ও দলীয় পদ বাণিজ্য এবং অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ তদন্ত করছে দুদক। তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও একটি চলমান মামলার সঙ্গে যুক্ত করে তদন্তের সুপারিশ করা হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ জন্য অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

দুদকের অভিযোগ, পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে ওয়াকিটকি কেনার কাজ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি দামে এসব ওয়াকিটকি কেনা হয়েছে। এ ঘটনায় ২০২৫ সালের ১৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযানও চালানো হয়েছিল।

এ ছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্ষ্মীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক-বাণিজ্যসংক্রান্ত রেকর্ড জব্দের বিষয়ে অগ্রগতি হয়েছে। দুদকের পাঠানো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) পরিপ্রেক্ষিতে এফবিআই এ-সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনে পাঠিয়েছে।

অন্যদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলাম ও ওয়ান প্রোপার্টি লিমিটেডের বিরুদ্ধে আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে পাঠানো এমএলএআরের কার্যক্রমও সম্পন্ন হয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি ফ্রিজ বা অবরুদ্ধ করার বিষয়টি আইল অব ম্যান কর্তৃপক্ষ দুদককে নিশ্চিত করেছে।

ট্যাগ
কায়কাউস-নাসিমসহ প্রভাবশালীদের বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Sep, 2026 • 05:20 PM
বিজ্ঞাপন (Compact)