আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:52
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচির নির্দেশ

Front line Bangladesh 24 Aug, 2026 • 03:39 PM
ছবির ক্যাপশন: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচির নির্দেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক আদেশে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠপর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সব মাদ্রাসায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে। পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদাসহ বিভিন্ন বিষয়ের ওপর হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

এ ছাড়া মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি পালনের নির্দেশ দেয়। গত ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে ওই নির্দেশনা জারি করা হয়।

ট্যাগ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচির নির্দেশ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Aug, 2026 • 03:39 PM
বিজ্ঞাপন (Compact)