আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 8:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর, এরপর আর সুযোগ নেই

Front line Bangladesh 17 Sep, 2026 • 06:41 PM
ছবির ক্যাপশন: হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর, এরপর আর সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই নির্ধারিত সময়ের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার ৯ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনসংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যাংকগুলোর অবগতির জন্য পাঠানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ কার্যক্রম শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার বিপরীতে সৌদি আরবে অর্থ প্রেরণ, চিকিৎসা পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৯৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৮১ জন।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই হজ নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সার্কুলারের বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ
হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর এরপর আর সুযোগ নেই
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Sep, 2026 • 06:41 PM
বিজ্ঞাপন (Compact)