আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 7:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Front line Bangladesh 28 Oct, 2026 • 10:27 AM
ছবির ক্যাপশন: ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাতে বাংলাদেশে ইউনিক্লোর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততা এবং বাংলাদেশের প্রতি প্রতিষ্ঠানটির আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্য উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

তারেক রহমান বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বও পুনর্ব্যক্ত করা হয়। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

বাংলাদেশে ইউনিক্লোর বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং উন্নত উৎপাদনব্যবস্থায় সহযোগিতা বাড়লে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ
ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Oct, 2026 • 10:27 AM
বিজ্ঞাপন (Compact)