আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 6:45
লগইন
9+
অনলাইন সংস্করণ 4 মিনিটে পড়ুন ARTICLE

মাদক সিন্ডিকেটে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ নাহিদের

Front line Bangladesh 28 Oct, 2026 • 05:20 PM
ছবির ক্যাপশন: মাদক সিন্ডিকেটে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ নাহিদের

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদক কারবার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদ, স্বৈরাচার ও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়েছে। ছাত্র-তরুণসহ দেশের মানুষ জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করেছে। তবে এখনো বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তাদের বিরুদ্ধেও লড়াই অব্যাহত রাখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি, মূল্যস্ফীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ সামনে আসছে।

মাদক কারবারে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। মাদক কারবার ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, মাদকের সিন্ডিকেট রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগের নেতারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এখন বিএনপির নেতাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।

তার অভিযোগ, মাদকবিরোধী অভিযানে অনেক ক্ষেত্রে খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হলেও সিন্ডিকেটের সঙ্গে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাদক কারবারের মূল চক্র ভাঙতে রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন ও পুলিশের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের নিরাপত্তা ও অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ

সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের নির্যাতনের শিকার হওয়া গ্রহণযোগ্য নয়। এনসিপি সব সময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকবে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বাড়লেও মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক এবং বেসরকারি খাতের কর্মীদের আয় সেই অনুপাতে বাড়েনি। পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং খাতের সংস্কার এবং ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সরকারি চাকরিতে দলীয়করণ, প্রশ্নফাঁস এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করার অভিযোগও তোলেন এনসিপির আহ্বায়ক। তার মতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র কার্যকর হবে না।

গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি

গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ থাকা জরুরি।

পদ্মা ও গঙ্গা নদী নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয় উল্লেখ করে এ বিষয়ে সংসদে বিশেষ অধিবেশন আয়োজনের দাবি জানান তিনি। তার ভাষ্য, পানিবণ্টন চুক্তির সঙ্গে দেশের কৃষি, পরিবেশ এবং নদীতীরবর্তী কয়েক কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত।

স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে অংশ নেবে এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, জাতীয় নির্বাচনের সময়কার জোট থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আলাদাভাবে অংশ নেবে। তবে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দাবি এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার, গণহত্যার বিচার, তরুণদের কর্মসংস্থান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং নদীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের ঐক্য হচ্ছে দেশের জনগণের সঙ্গে। আমরা জনগণকে সঙ্গে নিয়েই সামনের দিকে এগিয়ে যাব।” গণবিরোধী নীতি থেকে সরকার সরে না এলে সহযোগিতা বা ঐক্যের সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, ঢাকা দক্ষিণ বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগ
মাদক সিন্ডিকেটে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ নাহিদের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Oct, 2026 • 05:20 PM
বিজ্ঞাপন (Compact)