আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 8:14
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ ইসলাম

Front line Bangladesh 28 Oct, 2026 • 10:36 AM
ছবির ক্যাপশন: জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ ইসলাম

জুলাই যোদ্ধাদের চিকিৎসায় প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনো ধরনের গাফিলতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন ও পরিবারের সুরক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল। হাজারো মানুষের জীবনদান, অঙ্গহানি ও পঙ্গুত্বের বিনিময়ে নির্বাচন এবং সরকারের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হয়েছে। তাই রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে আহতদের প্রতি সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন কোনো প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে।

জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা, পুনর্বাসন, পরিবারের সহযোগিতা এবং সামাজিক ও রাজনৈতিক সুরক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, এসব বিষয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে যতটা সম্ভব, রাষ্ট্রের পক্ষে তার চেয়ে অনেক বেশি করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকারকে সেগুলোর বাস্তবায়ন ও দেখভাল করতে হবে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা এ দেশের বীর। তাঁদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তাঁদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। তাই তাঁদের কখনো ভুলে যাওয়া উচিত নয়।

তিনি বলেন, অনেক আহত যোদ্ধা হয়তো আর আগের মতো সুস্থ জীবন ফিরে পাবেন না। এ কারণে রাষ্ট্র হিসেবে তাঁদের পাশে থাকা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, শ্রমবিষয়ক সম্পাদক আলী নাসের খান এবং গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ট্যাগ
জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ ইসলাম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Oct, 2026 • 10:36 AM
বিজ্ঞাপন (Compact)