আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 9:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সরকারকে সময় দিন, সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

Front line Bangladesh 16 Sep, 2026 • 02:36 PM
ছবির ক্যাপশন: সরকারকে সময় দিন, সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

লাখ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, এই ঋণের দায় শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যতে জন্ম নেওয়া শিশুকেও বহন করতে হবে। তাই সরকারকে সহযোগিতা করে একটি সুন্দর ও ‘ক্লিন বাংলাদেশ’ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সবকিছুর সমালোচনা না করে বিগত সরকার দেশের ওপর কী পরিমাণ বৈদেশিক ঋণের বোঝা রেখে গেছে, তা বিবেচনা করা উচিত। বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন, তবে সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গে রুমন বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

কোন এলাকায় কতটুকু গ্যাসের চাপ যাচ্ছে এবং মানুষ কী পরিমাণ গ্যাস পাচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। একটি পুরোনো মন্দির সংস্কারের জন্য ভেঙে ফেলার ঘটনাকে বিকৃতভাবে প্রচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে সব সংবাদমাধ্যমকে দোষারোপ না করে রুমন বলেন, তিনি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত এবং সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসের কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত তিনি একটি জাতীয় দৈনিকের মালিক ও প্রকাশক ছিলেন।

সবশেষে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আতিকুর রহমান রুমন বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুসজ্জিত ও সফল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ট্যাগ
সরকারকে সময় দিন সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Sep, 2026 • 02:36 PM
বিজ্ঞাপন (Compact)