ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় সংসদ ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে জাতীয় সংসদ এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ক্ষতিকারক বা দূষণীয় পদার্থ বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া উল্লিখিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।