আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 8:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণে যুক্ত করার উদ্যোগ

Front line Bangladesh 03 Sep, 2026 • 03:44 PM
ছবির ক্যাপশন: রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণে যুক্ত করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) আধুনিক এসসিএডিএ/ইএমএস নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ও জিই ভারনোভা-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রকল্প সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রূপপুরের দুই ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের প্রয়োজনীয় তথ্য এনএলডিসির এসসিএডিএ/ইএমএস ব্যবস্থায় সংযুক্ত করার লক্ষ্যে চুক্তিটি করা হয়।

চুক্তির আওতায় রূপপুরের দুই ইউনিটের আটটি সঞ্চালন লাইন এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের গুরুত্বপূর্ণ নির্ধারিত সিগন্যাল ও তথ্য জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে ইন্টিগ্রেট করা হবে।

এর ফলে জাতীয় গ্রিড পরিচালনার নিয়ন্ত্রণকেন্দ্র থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য ও সংকেত পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, এই কারিগরি ইন্টিগ্রেশনের মাধ্যমে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালন এবং গ্রিড পরিচালনার সক্ষমতা বাড়বে। পাশাপাশি কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে এনএলডিসির এসসিএডিএ/ইএমএস ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার ইন্টিগ্রেশন কার্যক্রম জিই ভারনোভার মাধ্যমে সম্পন্ন করা হয়। এ প্রেক্ষাপটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে এনএলডিসির নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কার্যক্রম জিই ভারনোভার মাধ্যমে বাস্তবায়নে মতামত দেওয়া হয়েছে।

বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ ফুয়েল লোডিং-পরবর্তী পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটির নির্ধারিত কমিশনিং ও পরবর্তী অপারেশনাল সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে এসসিএডিএ/ইএমএস ইন্টিগ্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

ট্যাগ
রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণে যুক্ত করার উদ্যোগ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 03 Sep, 2026 • 03:44 PM
বিজ্ঞাপন (Compact)