আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 8:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণের সম্পর্ক: স্পিকার

Front line Bangladesh 02 Sep, 2026 • 02:16 PM
ছবির ক্যাপশন: ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণের সম্পর্ক: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। বিভিন্ন সময়ের রাজনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে এ সম্পর্কের ধরনেও পরিবর্তন এসেছে।

তিনি বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্রের পথচলা সুগম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকার আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল। এখন দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককেই বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি করা উচিত।

পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে একে অপরের মর্যাদা রক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সাক্ষাতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় হয়। এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদান নিয়েও আলোচনা করেন তারা।

এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। পাশাপাশি দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণের সম্পর্ক: স্পিকার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 02 Sep, 2026 • 02:16 PM
বিজ্ঞাপন (Compact)