আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 9:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বাংলাদেশি হাজিদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: ধর্মমন্ত্রী

Front line Bangladesh 05 Sep, 2026 • 04:34 PM
ছবির ক্যাপশন: বাংলাদেশি হাজিদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

গত হজ মৌসুমে একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুইজন হজযাত্রী সময়মতো হজে যেতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়। এটিকে সরকারের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।

হাজিদের সেবার বিষয়ে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, গতবার সরকার বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করেছে। পাশাপাশি লাগেজ র‌্যাপিংয়ের জন্যও হাজিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। পুরো কার্যক্রম সরকারের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।

হজ গাইডদের সেবার মান আরও বাড়ানোর আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভালো কাজ করলে ভবিষ্যতে হজ গাইডদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে আজকের চেয়েও বড় পরিসরে তাদের পুরস্কৃত করার আশ্বাস দেন তিনি।

এবার শ্রেষ্ঠ হজ গাইডদের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে।

সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, চলতি হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে ধর্ম মন্ত্রণালয়।

ট্যাগ
বাংলাদেশি হাজিদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: ধর্মমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Sep, 2026 • 04:34 PM
বিজ্ঞাপন (Compact)