কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবন সোলার সিস্টেমের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবনও সোলার সিস্টেমের আওতায় আনা হবে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি পণ্যে আয়কর পরিহার করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে সরকার কিনবে। এ ব্যবস্থা আগামী তিন বছর কার্যকর থাকবে।
এ ছাড়া সরকারি বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ব্যবসায়ীদের জন্য লিথিয়াম ব্যাটারির মান নির্ধারণ করে দেবে সরকার। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণের ব্যবস্থাও করা হবে। শিল্প পর্যায়ে সোলার প্যানেল স্থাপনকারীদের কাঁচামালের ওপর ট্যাক্স মওকুফ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য আগামী ১০ বছরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ নিয়ে বর্তমানে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী শিগগিরই পরিকল্পনাটি জাতীয় সংসদে উপস্থাপন করবেন।