নিজস্ব প্রতিবেদক
দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব ছড়িয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়—সবার গর্বিত পরিচয়, ‘আমরা সবাই বাংলাদেশি’। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহিষ্ণুতার পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে নিষ্ঠুর শাসনব্যবস্থা এ দেশের মানুষের ওপর চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছে। এখন অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে দেশ পুনর্গঠনের সময়।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ধর্মীয় সম্প্রীতি, সহিষ্ণুতা ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
অনুষ্ঠানে সকাল ১০টার দিকে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী নয়জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতা তুলে দেন। একই সময়ে সারাদেশে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়ার কথা জানানো হয়।
এর আগে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী।