ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক ও নারী হওয়ায় বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর হামলার পেছনে চারটি কারণ তুলে ধরেন দীপ্তি।
দীপ্তি লেখেন, একটি গণঅভ্যুত্থানে বাঁধনের অবস্থান, রাষ্ট্রীয় সহিংসতার প্রতিবাদে রাজপথে থাকা এবং কোনো রাজনৈতিক ছত্রছায়ায় না থাকাই তাকে সহজ টার্গেটে পরিণত করেছে। নারী হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দীপ্তি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব ও অংশীদারত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা এখন দেখার বিষয়। এ ঘটনায় তারা কী ব্যবস্থা নেয়, সেটির অপেক্ষায় আছেন বলেও জানান তিনি।
জানা গেছে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভাই ও পরিবারের সঙ্গে ইতালির ভেনিসে গেছেন বাঁধন।
ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় সালা দারসেনা থিয়েটারে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।