ঢাকাই শোবিজের পরিচিত মুখ গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সংগীত ও অভিনয় অঙ্গনে।
মুকুল জামিলের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। এক শোকবার্তায় সংগঠনটি জানায়, তাদের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
মুকুল জামিলের মৃত্যুতে শোক জানিয়েছেন সংগীত ও অভিনয় জগতের অনেক শিল্পী ও কলাকুশলী। গায়ক-সুরকার মোহাম্মদ মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুকুল জামিলকে স্মরণ করে আবেগঘন কথা লেখেন।
মোহাম্মদ মিলন জানান, মুকুল জামিল ছিলেন তার অত্যন্ত কাছের একজন মানুষ। তার ‘সেলফি’ গানে মজার ছলে প্রথমবার মুকুল জামিলকে মডেল হিসেবে নেওয়া হয়েছিল। এরপর তার আরও বেশ কয়েকটি গানে অভিনেতা হিসেবে কাজ করেন মুকুল।
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরে সংগীতাঙ্গনে তার পথচলা শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৩০টিরও বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন। পাশাপাশি প্রকাশ করেছেন সলো অ্যালবাম ‘আমি তো এমনই’।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছিলেন মুকুল জামিল। বিভিন্ন মিউজিক ভিডিওর পাশাপাশি নাটক ও সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
তার আকস্মিক প্রয়াণে সংগীত ও অভিনয় অঙ্গনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।