আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত লাভের অসংখ্য পথ রেখেছেন। এর মধ্যে অন্যতম সহজ একটি মাধ্যম হলো বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা। কখনো অল্প কয়েকটি শব্দের একটি জিকিরও আল্লাহর কাছে এত প্রিয় হয় যে, এর মাধ্যমে বান্দার জন্য রহমতের দরজা খুলে যায়।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একদিন সাহাবিরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে নামাজ আদায় করছিলেন। এ সময় এক সাহাবি বলেন—
اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً
উচ্চারণ: আল্লাহু আকবারু কাবিরা, ওয়ালহামদু লিল্লাহি কাছিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা।
অর্থ: ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান। সকল প্রশংসা আল্লাহর জন্য অগণিত প্রশংসা। আর সকাল-সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি।’
নামাজ শেষে মহানবী (সা.) জানতে চাইলেন, ‘এই কথাগুলো কে বলেছে?’ ওই সাহাবি নিজের পরিচয় দিলে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি দেখেছি, এ কথাগুলোর কারণে তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।’
হাদিসটি আমাদের শেখায়, আল্লাহর প্রশংসা, তাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করা তাঁর কাছে অত্যন্ত প্রিয়। তাই শুধু বড় কোনো আমল নয়, আন্তরিকতা ও একনিষ্ঠতার সঙ্গে করা ছোট ছোট জিকিরও আল্লাহর রহমত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।
সুতরাং আমাদের উচিত প্রতিদিনের জীবনে বেশি বেশি আল্লাহর জিকির করা এবং তাঁর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি তাঁর জিকির করার তাওফিক দান করুন। আমিন।
হাদিস: সহিহ মুসলিম, হাদিস নং ৬০১; সুনানে নাসায়ি, হাদিস নং ৮৮৬।