নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। যারা আগামী বছর হজে যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ হজ পালনে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারেও হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সি, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে এবং ২৪ সেপ্টেম্বর তা শেষ হবে। এ সময়সীমা আর বাড়ানো হবে না।
কারা হজে যেতে পারবেন না
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশু ২০২৭ সালের হজে অংশ নিতে পারবে না। একইভাবে দীর্ঘমেয়াদি হৃদ্রোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
এ ছাড়া স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার রোগীরাও হজে যেতে পারবেন না। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে—এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ প্রযোজ্য। এর মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজ পালনের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ফলে তারাও ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।
নিবন্ধনের সময় যেসব তথ্য দিতে হবে
হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। পাশাপাশি হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে।
হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে আগ্রহী ব্যক্তিদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।