আলোচনাটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ১০ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে জর্জিনাকে জীবনসঙ্গী করে নিলেন পাঁচ সন্তানের বাবা রোনালদো।
পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে রোনালদো ও জর্জিনার পাঁচ সন্তানও উপস্থিত ছিল।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর হাত রেখেছেন তিনি। দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। ক্যাপশনে শুধু ‘সি’ ও ‘জি’ লিখে মাঝখানে ভালোবাসার ইমোজি দেন পর্তুগিজ তারকা। পোস্ট দেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।
এর আগে গত বছরের ১১ আগস্ট সামাজিক মাধ্যমে নিজেদের বাগদানের খবর জানিয়েছিলেন রোনালদো-জর্জিনা। বড় একটি আংটির ছবি পোস্ট করে জর্জিনা স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।’ ঠিক এক বছর পরই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।
তবে বিয়ের আগে রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। কয়েক দিন আগে তাদের বিয়ের গুঞ্জনে ফুনশাল ক্যাথেড্রালে ভিড় জমিয়েছিলেন ভক্ত ও দর্শকেরা। পরে জানা যায়, রোনালদো-জর্জিনা সেখানে বিয়ে করতে যাননি; অন্য এক জুটির বিয়ের অনুষ্ঠান ছিল সেটি। ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে। রোনালদোও সেই পোস্টে মজার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
ফুটবল ক্যারিয়ারে রোনালদোর নতুন মাইলফলক
দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা ৯৭৬। ক্লাব ফুটবলে স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলার পর বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি।
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে করেছেন ১৪৬ গোল। আন্তর্জাতিক ফুটবলে পুরুষ খেলোয়াড়দের মধ্যে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড। ক্যারিয়ারে ইতোমধ্যে ছয়টি বিশ্বকাপেও অংশ নিয়েছেন এই পর্তুগিজ তারকা।
যেভাবে শুরু রোনালদো-জর্জিনার প্রেম
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম জর্জিনা রদ্রিগেজের। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন তিনি। সে সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন রোনালদো। সেখান থেকেই তাদের পরিচয় এবং পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দীর্ঘ এক দশকের সম্পর্ক, একসঙ্গে পথচলা এবং সন্তানদের নিয়ে সংসার—সবকিছুর পর অবশেষে বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল রোনালদো ও জর্জিনার ভালোবাসার গল্প।