আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সিপিএলে মিরাজের, ২৩ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট

Front line Bangladesh 12 Sep, 2026 • 12:11 PM
ছবির ক্যাপশন: সিপিএলে-মিরাজের,-২৩-রানের-বিনিময়ে-নিয়েছেন-৪-উইকেট

ফ্রন্টলাইন বাংলাদেশ | স্পোর্টস ডেস্ক

মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সহজ জয় পেয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে ট্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

চলতি মৌসুমে ৯ ম্যাচে এটি আমাজন ওয়ারিয়র্সের অষ্টম জয়। একই সঙ্গে সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০টি জয় পূর্ণ করেছে তারা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরও শক্ত করেছে দলটি।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আমাজন ওয়ারিয়র্স। ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন মিরাজ। পরপর দুই বলে কোলিন মানরো ও নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

নিজের ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মিরাজ। মোহাম্মদ নবীর বিকল্প হিসেবে দলে যোগ দেওয়া এই অলরাউন্ডারের সিপিএলে এটি ছিল মাত্র দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচে মাত্র ৩৬ রান খরচ করে ইতোমধ্যে ৭ উইকেট নিয়েছেন তিনি।

পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৪৩ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হয়ে জাস্টিন গ্রিভস ৩৭ বলে ৩৫ এবং মানরো ১৬ বলে ২৬ রান করেন।

জবাবে ১২৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ধীরগতির ছিল আমাজনের। প্রথম সাত ওভারের মধ্যেই মাভেন্দ্র দিনদয়াল ও গ্লেন ফিলিপস ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন শাই হোপ।

তৃতীয় উইকেটে শিমরন হেটমায়ারের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন হোপ। হেটমায়ার ১৯ বলে ৩ ছক্কায় ২৮ রান করেন।

হেটমায়ার ও এরপর মাত্র ২ রান করা মিরাজ ফিরে গেলেও কুয়েন্টিন সেম্পসনকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন হোপ। ৮ বল হাতে রেখেই ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় আমাজন ওয়ারিয়র্স।

এই হারের ফলে এবারের আসরে সপ্তম পরাজয় বরণ করল নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে ব্যাট হাতে ১০ রান করে শেষ ওভারে আউট হওয়ার আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪,৯৯৯ রান পূর্ণ করেছেন কাইরন পোলার্ড। ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন মাত্র ১ রান।

ট্যাগ
সিপিএলে-মিরাজের -২৩-রানের-বিনিময়ে-নিয়েছেন-৪-উইকেট
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Sep, 2026 • 12:11 PM
বিজ্ঞাপন (Compact)