আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

শেষ মুহূর্তের গোলে মেসিদের জয় কেড়ে নিল ন্যাশভিল

Front line Bangladesh 13 Sep, 2026 • 12:11 PM
ছবির ক্যাপশন: শেষ মুহূর্তের গোলে মেসিদের জয় কেড়ে নিল ন্যাশভিল

ফ্রন্টলাইন বাংলাদেশ | স্পোর্টস ডেস্ক

ইন্টার মায়ামির জয়ের স্বপ্ন ভেঙে দিল শেষ মুহূর্তের গোল। লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচের একেবারে শেষ সময়ে স্যাম সুরিজের দ্বিতীয় গোলে ন্যাশভিল এসসি সমতায় ফেরায়। ফলে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ‘নু স্টেডিয়ামে’ রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যান্ডি নাজারের দারুণ পাস ধরে মায়ামির রক্ষণ ভেঙে ন্যাশভিলকে এগিয়ে দেন সুরিজ। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি স্বাগতিকরা। মেসির বিপজ্জনক কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ন্যাশভিলের গোলরক্ষক রিড বেকার-হোয়াইটিং। এতে ১-১ সমতায় ফেরে মায়ামি।

বিরতির পর রদ্রিগো দে পলের সঙ্গে দারুণ সমন্বয়ে মেসি ২০ গজ দূর থেকে নিচু শটে বল জালে জড়িয়ে মায়ামিকে এগিয়ে দেন। গোলটি ছিল চোখধাঁধানো। প্রথমার্ধেও একবার মেসির শট পোস্টে লেগেছিল।

তবে জয় ধরে রাখতে পারেনি মায়ামি। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে মায়ামির দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সুরিজ। তাতেই ২-২ সমতায় ম্যাচ শেষ হয়।

ইন্টার মায়ামির হয়ে এটি সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির ৯৯তম গোল। চলতি মৌসুমে এমএলএসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। ফলে গোল্ডেন বুটের দৌড়েও ভালো অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে মেসির ব্যক্তিগত নৈপুণ্য মায়ামিকে জয় এনে দিতে পারেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি।

২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির পয়েন্ট ৫৪। ফলে শীর্ষ দলের সঙ্গে ব্যবধান কমানোর বড় সুযোগ হাতছাড়া করল মায়ামি। ৯ পয়েন্টের ব্যবধান নিয়েই শীর্ষস্থান ধরে রেখেছে ন্যাশভিল।

ট্যাগ
শেষ মুহূর্তের গোলে মেসিদের জয় কেড়ে নিল ন্যাশভিল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Sep, 2026 • 12:11 PM
বিজ্ঞাপন (Compact)