আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক মিনিট খেলা বন্ধ

Front line Bangladesh 04 Sep, 2026 • 02:53 PM
ছবির ক্যাপশন: মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক মিনিট খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সপ্তাহান্তে দেশটির পুরুষ ও নারী বিভাগের ঘরোয়া ফুটবলসহ বিভিন্ন ডিসিপ্লিনের ম্যাচে মেসির সম্মানে বিশেষ শ্রদ্ধা জানানো হবে।

এএফএর ঘোষণা অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মেসির জাতীয় দলের দীর্ঘ ক্যারিয়ারকে সম্মান জানিয়ে করতালি দেবেন।

এএফএর বিবৃতিতে জানানো হয়েছে, যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও প্রদর্শন করতে হবে। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটিই স্টেডিয়ামে দেখানো হবে।

সোমবার ইনস্টাগ্রামে হাতে লেখা একটি বার্তার ছবি প্রকাশ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হারই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।

অবসরের সিদ্ধান্ত জানিয়ে মেসি লিখেছেন, তিনি তার সর্বস্ব দিয়েছেন এবং দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। সিদ্ধান্তটি তাকে কষ্ট দিয়েছে বলেও জানান তিনি। তবে তার মতে, এখন সরে দাঁড়ানোর সময় এসেছে।

২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে মেসি দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন। জাতীয় দলের হয়ে ১২৫ গোল করে তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

মেসি ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। এর মধ্য দিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এটি ছিল দেশটির তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

বিশ্বকাপের ইতিহাসেও মেসির রয়েছে একাধিক রেকর্ড। সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার পাশাপাশি টুর্নামেন্টে সর্বোচ্চ ২৩টি ম্যাচ জয়ের রেকর্ডও তার দখলে।

জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতেই আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এই বিশেষ শ্রদ্ধা আয়োজন করেছে এএফএ।

ট্যাগ
মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক মিনিট খেলা বন্ধ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 04 Sep, 2026 • 02:53 PM
বিজ্ঞাপন (Compact)