আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ সামনে রেখে আবেগঘন হয়ে পড়েছেন জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলা আর আগের মতো হবে না—এটি মেনে নিয়েছেন তিনি। একই সঙ্গে মেসির রেখে যাওয়া স্মৃতিকে ‘অতুলনীয়’ বলে উল্লেখ করেছেন আর্জেন্টাইন কোচ।
মাঠের বাইরেও মেসির পেশাদারত্বের প্রশংসা করেছেন স্কালোনি। এলএম টেনের ভক্ত-সমর্থকদের উদ্দেশে তিনি জানিয়েছেন মেসির অনুশীলন ও প্রস্তুতি নিয়ে একটি অজানা তথ্য।
স্কালোনি বলেন, ‘সে অবিশ্বাস্য এক উদাহরণ। সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে যায়। নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচকে যেভাবে নেয়, সেটিও অসাধারণ।’
বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি। ৩৯ বছর বয়সী এই তারকার বিদায়ী ম্যাচকে ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে তৈরি হয়েছে বিশেষ আবহ। মেসির শেষ ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে, স্কালোনির ভাষায়, পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সেগুলো পূর্ণ হয়ে যেত।
মেসিকে ছাড়া মাঠে নামার অনুভূতি কেমন হবে, সেটিও জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘তার মাঠে থাকার অনুভূতিটাই আলাদা। একজন ফুটবলার মাঠে যা করে সতীর্থ, প্রতিপক্ষ ও দর্শকদের মধ্যে যে অনুভূতি তৈরি করতে পারে, মেসির মতো আর কাউকে আমি দেখিনি। সেটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।’
স্কালোনির মতে, মেসি চলে গেলেও আর্জেন্টিনা জাতীয় দলের পথচলা থেমে থাকবে না। তবে তার বিদায়ের পর মেসির রেখে যাওয়া স্মৃতিই হয়ে থাকবে বড় সম্পদ।
তিনি বলেন, ‘আমাদের খেলতে হবে, কিন্তু সে যখন থাকবে না, তখন শুধু স্মৃতিই থাকবে। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা হয় না।’
২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর মেসি ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ।
বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির দুই দশকের বেশি সময়ের পথচলা শেষ হওয়ার কথা।