আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

গোলের দেখা পেল না বাংলাদেশ, সিঙ্গাপুরের কাছে ১-০ হার

Front line Bangladesh 28 Sep, 2026 • 05:36 PM
ছবির ক্যাপশন: গোলের দেখা পেল না বাংলাদেশ, সিঙ্গাপুরের কাছে ১-০ হার

সিঙ্গাপুরের বিপক্ষেও ভাগ্য বদলালো না বাংলাদেশের। ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হার্হিস স্টুয়ার্টের প্রথমার্ধের গোলই দুই দলের ব্যবধান গড়ে দেয়।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল থমাস ডুলির দল। তবে উন্নত পারফরম্যান্স করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি হামজা-জামালরা। ফলে টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশের আক্রমণ ছিল চোখে পড়ার মতো। প্রথম ১৫ মিনিটে রাকিব হোসেন ও সুকি ইতুফুসা কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করেন। ১৫ মিনিটে বক্সে ঢুকে রাকিব সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা করলেও সেখানে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না।

৬ মিনিটে জুলকিফলিকে টেনে ধরায় বাংলাদেশের শামিত সোম হলুদ কার্ড দেখেন। ১৬ মিনিটে দ্রুত দুটি কর্নার আদায় করে সিঙ্গাপুর। দ্বিতীয় কর্নার থেকে ইলহান ফান্দির প্রচেষ্টা সামলে নেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

৩৩ মিনিটে আবারও বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করেন শ্রাবণ। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া সিঙ্গাপুরের ফ্রি-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি। পরে তারিক কাজী বল বিপদমুক্ত করেন।

তবে দুই মিনিট পরই গোল হজম করে বাংলাদেশ। ৩৫ মিনিটে নূর আদম আবদুল্লাহর বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান হার্হিস স্টুয়ার্ট। তার হেডে পরাস্ত হন শ্রাবণ। এগিয়ে যায় সিঙ্গাপুর।

গোলের পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় সিঙ্গাপুর। ৩৭ মিনিটে ডান দিক থেকে নেওয়া তাদের একটি শট বাংলাদেশের ক্রসবারে লেগে ফিরে আসে।

প্রথমার্ধে বাংলাদেশ বেশিরভাগ সময় বলের দখলে থাকলেও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। বিপরীতে সিঙ্গাপুর পাঁচটি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষ্যে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক আক্রমণ গড়ে তুললেও সিঙ্গাপুরের রক্ষণ ভেদ করে সমতাসূচক গোল আদায় করতে পারেনি তারা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

এই হারের ফলে দুই ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।

ট্যাগ
গোলের দেখা পেল না বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে ১-০ হার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Sep, 2026 • 05:36 PM
বিজ্ঞাপন (Compact)