ক্রীড়াবিদদের কল্যাণে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। এই অর্থ দিয়ে ‘ক্রীড়া কার্ড’প্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া কার্ড ও নিয়মিত ভাতা প্রদানের জন্যই সরকার আলাদাভাবে এই ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। খেলোয়াড়রা যাতে পেশাদারিত্ব বজায় রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাঠে সেরাটা দিতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে চায়।
খেলোয়াড়দের সামাজিক ও পরিবহন সুবিধাদি নিয়ে তিনি উল্লেখ করেন, কার্ডপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য রেলপথ, বিমান এবং সড়কপথে যাতায়াতসহ বিভিন্ন নাগরিক সুবিধা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাঠের বাইরে তাদের জীবনযাপন স্বাচ্ছন্দ্যময় হলে তারা খেলায় আরও নিবিড়ভাবে মনোযোগ দিতে পারবেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান আমিনুল হক। তিনি বলেন, আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার রূপকল্প নিয়ে এগোচ্ছে সরকার। এশিয়ান গেমসসহ বৈশ্বিক প্রতিযোগিতাগুলোকে সামনে রেখে ক্রীড়াবিদদের বছরব্যাপী নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে।
সভায় সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। ব্যক্তিগত কারণে দল বিশ্বকাপে অংশ নেয়নি—আগের সেই বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোরভাবে সতর্ক থাকবে।