নারী এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১১৪ রান সংগ্রহ করেছিল টাইগ্রেসরা। পরে বল হাতে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে একসময় মাত্র ৪৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল বাংলাদেশের বোলাররা। কিন্তু শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ ক্যাচের সুযোগ হাতছাড়া হওয়ার পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণও চলে যায় শ্রীলঙ্কার হাতে।
ম্যাচ শেষে সেই আক্ষেপই উঠে এসেছে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারির কণ্ঠে। তিনি বলেন, “১৮তম ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে একটা ক্যাচ মিস করেছি। ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটাও আমরা জিততে পারতাম।”
তবে সোবহানার মতে, বাংলাদেশের সমস্যাটা শুধু ফিল্ডিংয়ে সীমাবদ্ধ ছিল না। ব্যাটিংয়ে ১১৪ রানও যথেষ্ট মনে হয়নি তার।
তিনি বলেন, “এই রানটা যথেষ্ট ছিল না, কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে আমরা একটু ধীর হয়ে গিয়েছিলাম, আর শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।”
শ্রীলঙ্কার কাছে হারের পর এখন বাংলাদেশের সামনে আরও গুরুত্বপূর্ণ লড়াই। ৮ সেপ্টেম্বরের ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সোবহানাও এখন অতীতের হতাশা ভুলে শেষ ম্যাচেই মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন। তার ভাষায়, “এখন আমাদের পুরো মনোযোগ শেষ ম্যাচে—এই ম্যাচটা জিততে হবে, তাহলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।”
ফলে শ্রীলঙ্কার বিপক্ষে হারের আক্ষেপ পেছনে ফেলে এখন বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে টাইগ্রেসদের। ব্যাটিংয়ের ঘাটতি, ফিল্ডিংয়ের ভুল ও চাপের মুহূর্তে সুযোগ কাজে লাগাতে না পারার সমস্যা কাটিয়ে উঠতে পারলেই মিলতে পারে কাঙ্ক্ষিত সেমিফাইনালের টিকিট।