আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অসন্তোষ বাড়ছে

Front line Bangladesh 05 Aug, 2026 • 01:38 PM
ছবির ক্যাপশন: ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অসন্তোষ বাড়ছে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সংস্থাটির শীর্ষ পর্যায়ে অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এ ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ফিফার প্রধান বৈশ্বিক উন্নয়ন কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গারও পরিকল্পনাটি প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘অবশ্যই প্রয়োজনীয় এবং প্রশ্নাতীত’ বলে অভিহিত করেছেন। গার্ডিয়ানের হাতে আসা ফিফা কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে গ্রাফস্ট্রম বলেন, গত সপ্তাহটি ছিল ‘অসাধারণ ও চ্যালেঞ্জিং’। যদিও তিনি ইনফান্তিনোর নাম উল্লেখ করেননি, তবে ব্যর্থ বিনিয়োগ পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘দুঃখজনক ও নিন্দনীয় ঘটনাগুলোর সমাপ্তি ঘটেছে, কারণ এফএফই প্রকল্প স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।’ তিনি কর্মীদের আশ্বস্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে প্রশাসনের সদস্যদের সুরক্ষা দেওয়া হবে এবং তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি তিনি সবাইকে ফিফার ২১১টি সদস্য দেশের স্বার্থে পেশাদারিত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে, ২০১৯ সালের নভেম্বরে ফিফায় যোগ দেওয়া আর্সেন ওয়েঙ্গার জানান, এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই তিনি প্রথম এ প্রকল্প সম্পর্কে জানতে পারেন। ওয়েঙ্গারের ভাষায়, ‘আমি এমন একটি স্বাধীন ফিফায় বিশ্বাস করি, যা প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও সততার সঙ্গে ফুটবলবিশ্বের সেবা করবে। তাই প্রকল্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ প্রয়োজনীয়।’ এর আগে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন এবং ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর অভিযোগ করেন, প্রশাসন সভাপতির দ্বারা ‘প্রতারিত’ হয়েছে। এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চাপ আরও বেড়েছে। সোমবার ইউরোপের কয়েকটি ফুটবল ফেডারেশন তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।
ট্যাগ
ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অসন্তোষ বাড়ছে
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Aug, 2026 • 01:38 PM
বিজ্ঞাপন (Compact)