আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

‘ভাইভায় নম্বর বাড়িয়ে দলীয় লোক নিয়োগের চেষ্টা হলে আবারও আন্দোলন’: ছাত্রশিবির সভাপতি

Front line Bangladesh 12 Sep, 2026 • 07:57 PM
ছবির ক্যাপশন: ‘ভাইভায় নম্বর বাড়িয়ে দলীয় লোক নিয়োগের চেষ্টা হলে আবারও আন্দোলন’: ছাত্রশিবির সভাপতি

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরির পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয় লোক নিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই আন্দোলনের পর যে সংস্কারের দাবি উঠেছিল, এখনো তার যথাযথ বাস্তবায়ন হয়নি। সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর যে সুপারিশ করা হচ্ছে, তা নিয়ে তিনি আপত্তি জানান।

তার দাবি, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভা ও লিখিত পরীক্ষার নম্বরের ভারসাম্য পরিবর্তন করা হলে নিয়োগে মেধার পরিবর্তে অন্য প্রভাব কাজ করার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, “শতভাগ মেধার ভিত্তিতেই একটি দেশ গড়ে উঠবে এবং মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের নিতে হবে।”

ছাত্রশিবির সভাপতি আরও বলেন, পিএসসি, নির্বাচন কমিশন ও মহা হিসাব নিরীক্ষকসহ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার প্রয়োজন। জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল এসব সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়েও কথা বলেন তিনি। সাদ্দাম বলেন, দেশের বিভিন্ন এলাকায় নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এখনো শতভাগ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হয়নি।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও উপ-উপাচার্যদের নেতৃত্বে বাজেট লুটপাট হয়েছে। তার ভাষ্য, বাজেটের সংকট দেখিয়ে আবাসন নিশ্চিত করার দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

ছাত্রশিবির সভাপতি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী দুই বছরের মধ্যে শতভাগ আবাসন নিশ্চিত করার পরিকল্পনা জানাতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণরুম ভেঙে দিয়েছে এবং আবাসন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও গণরুমের পরিবর্তে ছোট ছোট সিটের ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, বর্তমানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে সিট পাওয়ার সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রায় চার হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন।

ট্যাগ
‘ভাইভায় নম্বর বাড়িয়ে দলীয় লোক নিয়োগের চেষ্টা হলে আবারও আন্দোলন’: ছাত্রশিবির সভাপতি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Sep, 2026 • 07:57 PM
বিজ্ঞাপন (Compact)