আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:30
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘আমরা প্রত্যেকেই সরকারের অংশ’ : রিজভী

Front line Bangladesh 12 Sep, 2026 • 01:07 PM
ছবির ক্যাপশন: ‘আমরা প্রত্যেকেই সরকারের অংশ’ : রিজভী

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

‘আজ বিএনপি ক্ষমতায়, আমাদের আর পাওয়ার কী আছে’—এমন ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “আমরা প্রত্যেকেই সরকারের অংশ।”

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়ার বিষয় নয়। দলের নেতাকর্মীদেরও সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জানতে হবে এবং সেসব কর্মসূচির কথা জনগণের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল বর্তমান অবস্থানে এসেছে। জেলা, মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা যোগ্যতাসম্পন্ন। রাষ্ট্র কিংবা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় নারীরাও সমানভাবে সক্ষম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও সরকারের বিভিন্ন কর্মসূচি জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দলীয় নেতাকর্মীদের এসব কর্মসূচি সম্পর্কে জানতে, বুঝতে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে তা তুলে ধরতে হবে।

বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অতীতে জাতীয়তাবাদী মহিলা দলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার, রিমান্ড ও কারাভোগের শিকার হয়েছেন। অনেককে দলীয় কার্যালয় থেকে আটক করে আদালতের মাধ্যমে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়েছিল। তাদের সেই ত্যাগ ও নির্যাতনের স্মৃতি এখনো রয়েছে।

নারীর ক্ষমতায়নের বিষয়ে রিজভী বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে মহিলা দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচিতে পরিবারের নারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নের জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—নারীদের শিক্ষার আলোয় আলোকিত হওয়া এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে।

রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণবান্ধব কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নের উদ্যোগগুলো জনগণের কাছে তুলে ধরার দায়িত্ব দলীয় নেতাকর্মীদের। সবাই মন্ত্রী বা সংসদ সদস্য হবেন না, তবে নির্বাচিত জনপ্রতিনিধিরা দলেরই প্রতিনিধি।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
‘আমরা প্রত্যেকেই সরকারের অংশ’ : রিজভী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Sep, 2026 • 01:07 PM
বিজ্ঞাপন (Compact)