আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:31
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রাজনীতিতে অশ্লীল ভাষা ব্যবহার অপরাধ: রিজভী

Front line Bangladesh 08 Sep, 2026 • 03:55 PM
ছবির ক্যাপশন: রাজনীতিতে অশ্লীল ভাষা ব্যবহার অপরাধ: রিজভী

রাজনীতিতে অশ্লীল শব্দ ব্যবহার করে ব্যক্তিগতভাবে গালিগালাজ করা আইনের দৃষ্টিতে অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কঠোর সমালোচনা গণতন্ত্রের প্রাণ হলেও তা কোনোভাবেই অশ্লীল হওয়া উচিত নয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট; সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এ সেমিনারের আয়োজন করে।

রিজভী বলেন, বিরোধী দলের সরকারের প্রতিটি কাজের সমালোচনা করার অধিকার রয়েছে। গঠনমূলক ও কঠোর সমালোচনার মাধ্যমে সরকার নিজেদের ভুল-ত্রুটি বুঝতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এটিই গণতান্ত্রিক সরকার ও সমাজের বৈশিষ্ট্য।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হওয়ায় বারবার গণতন্ত্র আঘাতপ্রাপ্ত হয়েছে। উচ্চতর আদালত ও গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও শক্তিশালী থাকলে কোনো সরকার ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না।

গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সংকট প্রধানমন্ত্রী তারেক রহমানের তৈরি নয়; এটি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে জ্বালানি পরিবহনে বাধা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের একটি গ্যাস টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় সংকট আরও বেড়েছে।

তিনি দাবি করেন, সংকট মোকাবিলায় সরকার অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবং মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

রিজভী বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে হলে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। তাহলেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ট্যাগ
রাজনীতিতে অশ্লীল ভাষা ব্যবহার অপরাধ: রিজভী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Sep, 2026 • 03:55 PM
বিজ্ঞাপন (Compact)