আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

প্রতারণার মামলা, এনসিপি নেত্রীকে দলীয় পদ থেকে অব্যাহতি

Front line Bangladesh 17 Sep, 2026 • 03:05 PM
ছবির ক্যাপশন: প্রতারণার মামলা, এনসিপি নেত্রীকে দলীয় পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাদিয়া আক্তার (২৩) নেত্রকোনা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাদিয়া আক্তারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজনকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে সাদিয়ার বিরুদ্ধে। গত ৮ সেপ্টেম্বর বিকেলে কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

এরপর ৯ সেপ্টেম্বর সকালে পৌর শহরের বলাইনগুয়া চেয়ারম্যানবাড়ি এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার মামলা করেন।

পরে পুলিশ সাদিয়া আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে ১৬ সেপ্টেম্বর দুপুরে জামিনে কারামুক্ত হয়েছেন তিনি।

ট্যাগ
প্রতারণার মামলা এনসিপি নেত্রীকে দলীয় পদ থেকে অব্যাহতি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Sep, 2026 • 03:05 PM
বিজ্ঞাপন (Compact)