আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

Front line Bangladesh 13 Sep, 2026 • 07:56 PM
ছবির ক্যাপশন: দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিন ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়। সভায় নাহিদ ইসলাম সার্বিক দিকনির্দেশনা দেন।
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতামূলক তৎপরতার বিষয়ে নজরদারি রাখার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন নাহিদ ইসলাম।
সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন
এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, এর আগে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পরীক্ষার পর নির্বাচন কমিশন তা অনুমোদন করে। এর ফলে তার ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

ট্যাগ
দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Sep, 2026 • 07:56 PM
বিজ্ঞাপন (Compact)