আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:33
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

কুমিল্লা ও নোয়াখালীকে পৃথক বিভাগ করার দাবি জামায়াত আমিরের

Front line Bangladesh 05 Sep, 2026 • 06:49 PM
ছবির ক্যাপশন: কুমিল্লা ও নোয়াখালীকে পৃথক বিভাগ করার দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ও নোয়াখালীকে পৃথক বিভাগ করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কুমিল্লা বিভাগের দাবি দীর্ঘদিনের। তাই কোনো ধরনের টালবাহানা না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বৃহত্তর নোয়াখালীর মানুষের দাবিও বিবেচনায় নিয়ে তাদেরও পৃথক বিভাগ দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারকে পরিষ্কারভাবে বলছি, কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হোক। পাশের নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষও বিভাগ চাচ্ছেন। তারাও একটি বিভাগ পাওয়ার দাবিদার। তাদেরও দিন। কিন্তু কুমিল্লার দাবি যেহেতু ১৯৯৪ সাল থেকে চলে আসছে, আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন।’

খন্দকার মোশতাক আহমেদের বাড়ি কুমিল্লায় উল্লেখ করে তিনি বলেন, তার কারণে ক্ষোভ থেকে কুমিল্লার নামে বিভাগ দেওয়া হবে না—এমন কোনো মানসিকতা থাকা উচিত নয়। কোনো জেলার নামের সঙ্গে ঐতিহাসিক বা রাজনৈতিক কোনো ব্যক্তির পরিচয়কে কেন্দ্র করে পুরো জেলার মানুষকে বঞ্চিত করা হলে তা ওই জেলার বাসিন্দাদের প্রতি অবিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারও কুমিল্লা বিভাগ দেওয়ার কথা বলেছে। তাহলে তা বাস্তবায়নে দেরি কেন—এ প্রশ্ন তুলে তিনি দ্রুত বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, এলাকায় একটি ইপিজেড রয়েছে এবং বিমানবন্দর চালুর বিষয়টি সম্ভাব্যতা যাচাই করে দেখা উচিত। সবদিক বিবেচনায় তা জনগণের জন্য উপযোগী হলে বিমানবন্দরটি চালু করার উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে তার আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি পূরণের ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, কুমিল্লার মানুষকে প্রশাসনিক বিভিন্ন কাজের জন্য চট্টগ্রামে যেতে হয়। কুমিল্লা বিভাগ হলে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনিক কার্যক্রম অনেকটাই নিজ এলাকায় সম্পন্ন করা সম্ভব হবে।

লংমার্চ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, শনিবারের কর্মসূচির মধ্য দিয়ে তাদের লংমার্চের যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে লংমার্চ করা হবে। এরপর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

কুমিল্লার মানুষকে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে চিড়ামুড়ি হাতে নিয়েই তারা ঢাকায় যাবেন এবং দাবি আদায় করে ঘরে ফিরবেন। জনতার বিজয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন।

উল্লেখ্য, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করছে। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়। চট্টগ্রামের লালদিঘীর মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

ট্যাগ
কুমিল্লা ও নোয়াখালীকে পৃথক বিভাগ করার দাবি জামায়াত আমিরের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Sep, 2026 • 06:49 PM
বিজ্ঞাপন (Compact)