আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 1:00
লগইন
9+
অনলাইন সংস্করণ 4 মিনিটে পড়ুন ARTICLE

১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Front line Bangladesh 17 Aug, 2026 • 05:56 PM
ছবির ক্যাপশন: ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণই সন্তুষ্টির বিষয়টি মূল্যায়ন করবে। তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা যায়, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আপনারা দেখেছেন।’

সংকট মোকাবিলায় সরকারের সফলতার দাবি

সরকারের প্রথম ১৮০ দিনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত রূপরেখার আলোকে এ সময়ে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর সরকার একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হলেও তা দক্ষতা ও সফলতার সঙ্গে মোকাবিলা করেছে বলে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকট তৈরি হলেও দেশে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রায় এক মাস জ্বালানির দাম বৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল। পরে সহনীয় মাত্রায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ ওই সময়ে বিশ্ববাজারসহ প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বেড়েছিল বলে দাবি করেন তিনি।

গ্যাস সংকট সমাধানে নতুন উদ্যোগ

বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সরকার এ সংকট মোকাবিলায় কাজ করছে।

বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং উৎপাদন অব্যাহত রাখতে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পর সেখানে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সামিট ও এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর স্থান নির্বাচনে বর্তমানে জরিপ চলছে।

আমদানি নির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোরে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকটের টেকসই সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে।

এর পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম চলছে।

বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া দেশের ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

খাদ্য মজুত শক্তিশালী হয়েছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের একটি শক্তিশালী ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।

তিনি জানান, সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জিত সামগ্রিক অগ্রগতির সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর থেকে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ট্যাগ
১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Aug, 2026 • 05:56 PM
বিজ্ঞাপন (Compact)