আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 7:45
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ

Front line Bangladesh 21 Sep, 2026 • 05:12 PM
ছবির ক্যাপশন: হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট:
শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের হিসাব দিতে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে পৃথক মামলা করা হবে।

অন্য মামলাটি হবে জাল দরপত্র বিজ্ঞপ্তি তৈরি, টেন্ডার সিকিউরিটির অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে। এতে ফয়সাল করিম মাসুদ ছাড়াও মিডল্যান্ড ব্যাংকের রূপনগর উপশাখার দুই কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও মো. সারোয়ার হোসেন এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়াকে আসামি করার সিদ্ধান্ত হয়েছে।

দুদকের নথিতে অভিযোগ করা হয়েছে, জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে দুটি কোম্পানিকে যৌথ উদ্যোগে যুক্ত করা হয়। পরে টেন্ডারে অংশগ্রহণের কথা বলে টেন্ডার সিকিউরিটি হিসেবে ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে-অর্ডার নেওয়া হয়। জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাব খোলা হয় এবং পরে ওই অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নথি অনুযায়ী, জাল দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইনডিড ক্লাউড বিডির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সাল করিম মাসুদের নিজস্ব কোম্পানি এপল সফট আইটির হিসাবে নেওয়া হয়। পরে তা তার নিজের নামে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। সবশেষে ওই অর্থ তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বেনারশী পল্লী উপশাখায় এফডিআর হিসেবে জমা করা হয় বলে দুদকের নথিতে অভিযোগ করা হয়েছে।

এসব অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করা হবে।

অন্যদিকে, তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এর আগে হাদি হত্যা মামলাকে ঘিরে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল সিআইডি। পরবর্তী সময়ে আদালত ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করে সেখানে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন।

উল্লেখ্য, দুদকের মামলা ও নথিতে থাকা অভিযোগগুলো এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে; আদালতের বিচারিক প্রক্রিয়ায় এগুলোর সত্যতা নির্ধারিত হবে।

ট্যাগ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Sep, 2026 • 05:12 PM
বিজ্ঞাপন (Compact)