আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 11:20
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

সেপ্টেম্বরে তপশিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা

Front line Bangladesh 27 Aug, 2026 • 07:49 PM
ছবির ক্যাপশন: সেপ্টেম্বরে তপশিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা করে নভেম্বরে ইউনিয়ন পরিষদ—ইউপি নির্বাচন দিয়ে ভোট শুরু করতে চায় নির্বাচন কমিশন—ইসি। এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার—সিইসি এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশনের পুরো সদস্যরা। পরে বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের পরিকল্পনা তুলে ধরেন সিইসি।

তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থায় ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০ উপজেলা এবং সাড়ে ৪ হাজারের বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে।

সিইসি বলেন, জাতীয় নির্বাচন যে মানদণ্ডে সম্পন্ন করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও তার চেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

সেপ্টেম্বরে তপশিল, নভেম্বরে ভোট

এএমএম নাসির উদ্দিন বলেন, এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে। কমিশন আগামী সেপ্টেম্বরে তপশিল ঘোষণা করতে চায়।

তিনি বলেন, নভেম্বরে নির্বাচন শুরু করা সম্ভব হলে বছরের শেষদিকে কিছু নির্বাচন আয়োজন করা যাবে। তবে ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ায় ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। এরপর ঈদুল আজহা, বর্ষাকালসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হবে।

ইউপি নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, আগের নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ২০২১ সালের প্রথম ধাপে জুন মাসে ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছিল। এবার এসব ইউনিয়ন পরিষদকে প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হবে।

তবে প্রতিকূল মৌসুমে নির্বাচন না করার বিষয়টি গুরুত্ব দিচ্ছে কমিশন। বিশেষ করে পার্বত্য এলাকার নির্বাচনও শুষ্ক মৌসুমে আয়োজনের চিন্তা করা হচ্ছে।

পরীক্ষা ও আবহাওয়া নিয়ে জটিলতা

নির্বাচনের সময় নির্ধারণে বেশ কিছু বিষয় ইসির নিয়ন্ত্রণের বাইরে থাকে বলে জানান সিইসি।

বন্যা, দুর্গাপূজা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা—সবকিছু বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হবে।

ভোটকেন্দ্র হিসেবে স্কুল ব্যবহার এবং শিক্ষকদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার কারণে পরীক্ষার সময় নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষা দ্রুত শেষ করার অনুরোধ জানাবে কমিশন।

সিইসি বলেন, সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরের শেষ দিকে নির্বাচন শুরু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আইন ও আচরণবিধি সংশোধনের উদ্যোগ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি, আইন ও নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইন সংশোধনের খসড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রিসভায় অনুমোদন এবং পরবর্তীতে সংসদে পাসের প্রয়োজন হবে।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাই কমিশনের অন্যতম লক্ষ্য বলে জানান সিইসি।

এনআইডি সেবায়ও পরিবর্তনের উদ্যোগ

নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি জাতীয় পরিচয়পত্র—এনআইডি সেবা আরও সহজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সিইসি।

একই সঙ্গে এনআইডি জালিয়াতি নিয়ন্ত্রণে কমিশন কাজ করছে এবং এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা এবং নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ভোটের নতুন ধাপ শুরু হতে পারে।

ট্যাগ
সেপ্টেম্বরে তপশিল নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Aug, 2026 • 07:49 PM
বিজ্ঞাপন (Compact)