রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন, সেটিই বিতর্কের জন্ম দিয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদির একদিকে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি এবং চাইলে তিনি দিতেন। আবার একইসঙ্গে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এ ধরনের ঢালাও অভিযোগের কোনো মানে নেই।
নিজের দিকেও আঙুল তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাকে উদ্দেশ করে কেউ কিছু বলতেই পারেন—এটি গণতন্ত্র ও বাকস্বাধীনতার অংশ। তবে তার প্রশ্ন, সালমান মুক্তাদির যে অভিযোগ করেছেন, সে বিষয়ে তিনি কোনো মামলা করেছেন কি না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির হামলার শিকার হয়েছেন—এটি তারা দেখেছেন। এ ঘটনায় একটি প্রাথমিক তদন্ত হয়েছে, তবে সেটি খুবই সংক্ষিপ্ত। বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করতে হবে।
তিনি আরও জানান, ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে খুব শিগগিরই মামলা হতে পারে।
এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে এবং রোববার সকালে তাদের আটক করা হয়। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।
ভিডিওতে স্টুডিওর ক্ষয়ক্ষতি দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’