আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 11:04
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

শিক্ষা, প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Front line Bangladesh 14 Sep, 2026 • 05:44 PM
ছবির ক্যাপশন: শিক্ষা, প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কমনওয়েলথের সদস্য হিসেবে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন। এ জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি এবং হাইকমিশনারের মাধ্যমে তার শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কমনওয়েলথের শিক্ষাবৃত্তি বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে ব্রিটিশ সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এ ধারাকে আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ সময় ওয়েস্টমিনস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্য এলডিসি থেকে উত্তরণের পরও আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে।

রাষ্ট্রপতি এ সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল জলবায়ু তথ্য বিনিময়ের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা এবং কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
শিক্ষা প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 14 Sep, 2026 • 05:44 PM
বিজ্ঞাপন (Compact)