শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের জীবনমান উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে তাদের অনবদ্য ভূমিকা বিবেচনায় নিয়ে শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে।’
তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব আসায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষকদের জন্য এমন একটি স্বতন্ত্র পে-স্কেল তৈরি করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। কম কিংবা বেশি যাই হোক না কেন—শিক্ষকদের মর্যাদার সঙ্গে অন্য কারও তুলনা চলে না।’
জাতীয় সংসদে প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে হওয়া এক আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো পেশার সঙ্গে শিক্ষকদের বেতন তুলনা করা তাদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর। তাই তাদের বেতন-ভাতার পাশাপাশি পেশাগত সম্মান ও জীবনমান নিশ্চিত করাও জরুরি।
শিক্ষক সংকটের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষক প্রয়োজন। ২০১৭ সাল থেকে আইনি মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়া দীর্ঘদিন বাধাগ্রস্ত ছিল। তবে এখন দ্রুত শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
এ ছাড়া কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও জীবনমুখী শিক্ষার সুযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।