আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:41
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতির শপথ: রাজধানীর যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

Front line Bangladesh 20 Aug, 2026 • 10:57 PM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতির শপথ: রাজধানীর যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক:

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে। ডিএমপির পক্ষ থেকে এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

যেসব সড়কে চলাচল নিয়ন্ত্রিত থাকবে

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলো সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

এ ছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশনা দিয়েছে ডিএমপি। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর রুট ব্যবহার করতে পারবে।

বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক রুটেও যানবাহন চলাচল করতে পারবে।

ডিএমপি চালকদের এসব সড়ক এড়িয়ে সম্ভব হলে বিকল্প ও সুবিধাজনক সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে এ জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ট্যাগ
রাষ্ট্রপতির শপথ: রাজধানীর যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Aug, 2026 • 10:57 PM
বিজ্ঞাপন (Compact)