আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতির শপথ ঘিরে উৎসবমুখর বঙ্গভবন, জোরদার নিরাপত্তা

Front line Bangladesh 21 Aug, 2026 • 06:07 PM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতির শপথ ঘিরে উৎসবমুখর বঙ্গভবন, জোরদার নিরাপত্তা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথকে ঘিরে বঙ্গভবন এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শপথ অনুষ্ঠানকে সামনে রেখে দরবার হলসহ বঙ্গভবনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে অনুষ্ঠানস্থলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
শপথ অনুষ্ঠান ঘিরে দুপুর থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সরেজমিনে দেখা যায়, বঙ্গভবনের প্রবেশপথসহ আশপাশের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ঐতিহাসিক দরবার হলকে রাষ্ট্রপতির শপথ উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে। এর আগে এই দরবার হলেই একাধিক রাষ্ট্রপতির শপথসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। অন্যদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
ট্যাগ
রাষ্ট্রপতির শপথ ঘিরে উৎসবমুখর বঙ্গভবন জোরদার নিরাপত্তা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Aug, 2026 • 06:07 PM
বিজ্ঞাপন (Compact)