আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, বিএনপিতে আনন্দ-উচ্ছ্বাস

Front line Bangladesh 14 Aug, 2026 • 10:25 AM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, বিএনপিতে আনন্দ-উচ্ছ্বাস
দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছিল নানা আলোচনা ও জল্পনা। অবশেষে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন।

রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় ১৬ বছর দলের মহাসচিবের দায়িত্ব পালন শেষে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে যাওয়ার পথে রয়েছেন তিনি।

ইসিতে মনোনয়নপত্র জমা

দলীয় প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবারই নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। একই দিনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়ে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে মির্জা ফখরুলের একটি এবং অলি আহমদের দুটি।

তপশিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে।

ফখরুলের প্রার্থিতায় ঠাকুরগাঁওয়ে আনন্দ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করার খবর ছড়িয়ে পড়ার পর তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

জেলা বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ রাজনৈতিক জীবন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব এবং দলের কঠিন সময়ে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া শুধু দলের জন্য নয়, পুরো জেলার মানুষের জন্যও গর্বের বিষয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীও এ সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাজনৈতিক অঙ্গনেও আলোচনা

মির্জা ফখরুলের প্রার্থিতা ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। দলের নেতারা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিশীলিত আচরণ ও নেতৃত্বের গুণাবলিকে রাষ্ট্রপতি পদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন।

বিএনপির নেতাদের মতে, দীর্ঘদিন রাজনীতির মাঠে থেকে নানা সংকটে নেতৃত্ব দেওয়া মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে সব মত ও পথের মানুষের মধ্যে সমন্বয় তৈরিতে ভূমিকা রাখতে পারবেন।

তবে রাষ্ট্রপতি নির্বাচন এখনো আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
ট্যাগ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল বিএনপিতে আনন্দ-উচ্ছ্বাস
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 14 Aug, 2026 • 10:25 AM
বিজ্ঞাপন (Compact)