আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 0:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Front line Bangladesh 01 Oct, 2026 • 12:29 PM
ছবির ক্যাপশন: যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযানের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র‌্যাব) ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিতভাবেই চলছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী এ কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনসার বাহিনীর নিজস্ব সদর দপ্তর নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয় ৩ দশমিক ৪২৮ একর, অর্থাৎ প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দিয়েছে। বর্তমানে খিলগাঁওয়ে থাকা সদর দপ্তরের জায়গা অপরিসর হওয়ায় এবং যাতায়াতের সীমাবদ্ধতা থাকায় তেজগাঁওয়ে আধুনিক ও বড় অবকাঠামো নির্মাণ করা হবে।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। পাশাপাশি ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের সর্ববৃহৎ ফোর্স।

কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে ডরমেটরি ও ব্যারাক সুবিধা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। এ জন্য ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে শুধু প্রত্যাহার নয়, বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে ফৌজদারি মামলাও করা হচ্ছে।

তিনি আরও বলেন, “ডিসেম্বর আমাদের বিজয়ের মাস; এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না।”

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, যানজট নিয়ন্ত্রণে অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং সড়কে শৃঙ্খলা ফিরছে। রাস্তা খনন ও নির্মাণকাজের ক্ষেত্রেও পুরো রাস্তা একসঙ্গে না কেটে ধাপে ধাপে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ
যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 01 Oct, 2026 • 12:29 PM
বিজ্ঞাপন (Compact)